জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর
গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে জনগণের জানার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, সরকারের কর্মকাণ্ড এবং জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম ও তথ্যসেবায় নিয়োজিতদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার কী করছে এবং জনগণের স্বার্থে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেসব তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের স্বার্থ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতীতে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণমূলক পরিবেশ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের অভিজ্ঞতা সরকারের কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্য
নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আন্দালিভ রহমান সবার কাছেই পরিচিত। তিনি তাকে একজন সুসংগঠক ও ডায়নামিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথাও উল্লেখ করেন ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, একই মন্ত্রণালয়ে এখন তাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ফুল দিয়ে শুভেচ্ছা
এর আগে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিচিতি সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার এবং সরকারের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।